স্মারক নং না.প ১০/২০২৫- ৪৮৫
৯ কার্তিক ১৪৩২/২৫ অক্টোবর ২০২৫
বর্তমান অন্তবর্তকালীন সরকার অতিসম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুস্বাক্ষর করেছে। শ্রমিকের স্বার্থ রক্ষায় এটি অবশ্যই প্রাথমিকভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরজন্য নারীপক্ষ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছে।
শ্রমিকের কঠোর পরিশ্রম ও রক্তঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে অথচ সেই শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে না, কর্মক্ষেত্রে নিরাপত্তা পাবে না, মানম্মত খাদ্য-বস্ত্র-বাসস্থান ও চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটাবে এটা হতে পারে না। নারীপক্ষ আশা করে, সরকারের এই পদক্ষেপটি কেবল নথিবন্দি হয়ে থাকবে না; চুক্তিগুলোর যথাযথ বাস্তবায়নে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শ্রমিকের জীবনমান উন্নয়নে অধিক সচেষ্ট থাকবে।
সরকার যে চুক্তিগুলোতে অনুস্বাক্ষর করেছে তা হলো,
১. পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক চুক্তি, ১৯৮১ (নং-১৫৫)
২. কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো চুক্তি, ২০০৬ (নং-১৮৭)
৩. কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক চুক্তি, ২০১৯ (নং-১৯০)।
উল্লেখ্য, এই তিনটি চুক্তির মধ্যে ১ম ও ২য়টি আইএলও’র মৌলিক চুক্তি।
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।