Select Page
২০২৫-১২-১০
প্রতিবাদ বিবৃতি: বেগম রোকেয়াকে কাফের ও মুরতাদ আখ্যা দেয়ার ধৃষ্টতা: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ
এই উপমহাদেশের মহিয়সী নারী, নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে কাফের ও মুরতাদ আখ্যা দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

গতকাল ৯ ডিসেম্বর ২০২৫, বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তথাকথিত এই শিক্ষক লিখেছেন, “আজ মুরতাদ, কাফির বেগম রোকেয়ার জন্মদিন।”

বেগম রোকেয়া কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না বরং তিনি আজীবন অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন। ধর্মের ব্যবহার করে নারীকে অসম্মান-অপদস্থ করা, নারীর অধিকার খর্ব করা এবং নারীকে চার দেয়ালের অন্ধকারে আবদ্ধ করে রাখার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি কোনও অবস্থাতেই ইসলাম বিরোধী ছিলেন না।

নারীপক্ষ’র স্পষ্ট বক্তব্য হচ্ছে, কাউকে অসম্মান ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ধর্মীয় শব্দ-বাক্য ব্যবহার করা অন্যায় এবং সংকীর্ণ মানসিকতার পরিচয়। বেগম রোকেয়াসহ নারী-পুরুষ নির্বিশেষে কোনও মানুষের প্রতিই এহেন বক্তব্য ও আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ ।

বার্তা প্রেরক
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This