Select Page
২০২৬-০৩-০৮
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ ২২ ফাল্গুন ১৪৩২/৭ মার্চ ২০২৬, শনিবার, সকাল ১০-১১টা পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে জাতীয় সংসদ ভবনের সামনে (মানিক মিঞা এভিনিউ) অবস্থান কর্মসূচি ও ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমাদের এবারের প্রতিপাদ্য ছিল “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা”। আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে ঘোষনাপত্র পাঠ করেন-রেহানা সামদানী, সদস্য নারীপক্ষ, মাহমুদা বেগম, সবুজের অভিযান ফাউন্ডেশন ও লায়লা আরিফা খানম, ব্রেকিং দ্যা সাইলেন্স।  ঘোষণাপত্রে উল্লেখিত বিভিন্ন দাবি বিশ্লেষন করেন- সামিয়া আহম্মেদ, এ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, সামিনা ইয়াসমিন, বহ্নিশিখা, তামান্না ইয়াসমীন খান, শক্তি ফাউন্ডেশন ও কামরুন নাহার, নারীপক্ষ।  ঘোষণা পাঠ ও দাবি বিশ্লেষনের মাঝে মাঝে সংশ্লিষ্ট বিষয়ে শ্লোগান দেয়া হয়।
অবস্থান কর্মসূচিতে কমিটির নামে মূল ব্যানার এবং অংশগ্রহণকরী বিভিন্ন সংগঠনের ব্যানার ও বিভিন্ন শ্লোগান সম্মলিত ফেষ্টুন প্রদর্শন করা হয়। উক্ত কর্মসূচিতে কমিটির অন্তর্ভুক্ত ৬১টি সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার, বয়স, বিভিন্ন লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন তামান্না খান, সমন্বয়কারী, আন্তর্জাতিক নারী দিবস কমিটি ও সদস্য নারীপক্ষ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন নারী মুক্তি আন্দোলনের এতকাল পরেও পরির্বতন হয়নি নারীর অবস্থা ও অবস্থানের। অত্যাচার, নির্যাতনের কালো ছায়া থেকে মুক্ত হচ্ছে না নারীর জীবন। রেহাই পাচ্ছেনা কোমল শিশুরাও। অন্যদিকে বর্হিবিশ্বে হিংসা, বিদ্বেশ ক্রোধ সহ ভয়াবহ যুদ্ধ চলছে। যুদ্ধ কোন কালে, কোন ভাবে মঙ্গল বয়ে আনে নাই। যুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি সবচাইতে ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। যুদ্ধে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রাণ ও জীবিকার সংকট দেখা দিচ্ছে। কেবল আমাদের না সমগ্র পৃথিবীময় অর্থনৈতিক বিপর্যয় দেখা দিচ্ছে। ভেবে দেখুন এ কিসের অসনী সংকেত,কোন দিকে ধাবিত হচ্ছে বিশ্ব? তাই – ‘যুদ্ধ নয় শান্তি চাই’, ‘সংঘাত নয় স্বস্তি চাই’, ‘রক্ষা নয় মুক্তি চাই’।

এছাড়া একই প্রতিপাদ্য নিয়ে ঢাকার বাইরের প্রায় ৫০টি জেলায় ‘দুর্বার নেটওয়ার্ক’ ও সহযোগী সংগঠনের মাধ্যমে একই কর্মসূচি পালন করা হয়েছে।

Pin It on Pinterest

Share This